ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে ছিনতাই মূল হোতা গ্রেফতার

Printed Edition

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর সোয়া চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ৯০ হাজার টাকা।

গ্রেফতার আকবর খান (৩০) পাবনা সদরের মালিগাছা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, নাটোরের মাছ ব্যবসায়ী শাহিন আলী গত ২৪ জুলাই ফরিদপুরে মাছ বিক্রি করে চার লাখ ২৬ হাজার ১৮০ টাকা নিয়ে ট্রাকে বাড়ি ফিরছিলেন। ২৫ জুলাই সকালে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকে তল্লাশি চালায়। এরপর মাদকের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি জব্দ করে এবং তার সহযোগীকে তুলে নিয়ে যায়। পরে নির্জন এলাকায় ধারালো অস্ত্রের মুখে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ২৬ জুলাই ঈশ্বরদী থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামিকে শনাক্ত করে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।