তাসনিম নিউজ এজেন্সি
মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক রাজনৈতিক চাপ ও সম্ভাব্য নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির মুখেই আগামী ৫০ বছরের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবন আল-রেজা জানান, সম্প্রতি প্রতিপক্ষের সাথে মুখোমুখি সঙ্ঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা এবং সংগৃহীত গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই ভবিষ্যতের এই সামরিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে।
গতকাল রোববার এক অনুষ্ঠানে ইরানি প্রতিরক্ষা প্রধান উল্লেখ করেন, প্রতিপক্ষের সামরিক কৌশল, প্রযুক্তিগত সক্ষমতা এবং কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে বিশদ তথ্য তেহরানের নিয়ন্ত্রণে এসেছে। এই অর্জিত অভিজ্ঞতা ইরানের প্রতিরক্ষা কাঠামোর অগ্রাধিকার পুনর্নির্ধারণ এবং ভবিষ্যতের রূপরেখা চূড়ান্ত করতে বড় ভূমিকা রাখবে। তিনি আরো জানান, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত ও যথাযথভাবে মূল্যায়ন শেষে প্রয়োজনীয় তথ্য অভিযান পরিচালনাকারী বাহিনীর কাছে পৌঁছে দেয়া হয়েছে। ইরানের সশস্ত্রবাহিনীর নির্ভুল হিসাব-নিকাশ ও লক্ষ্যবস্তু ব্যবস্থাপনার কারণে প্রতিপক্ষ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দাবি করে তিনি বলেন, সাম্প্রতিক মার্কিন-ইসরাইল আগ্রাসন ইরান সফলভাবে সামলে নিলেও প্রতিপক্ষকে রণাঙ্গনে বিপুল মাশুল গুনতে হয়েছে।



