লালপুরে নারীর টাকা ছিনতাই ৪৮ ঘণ্টায় গ্রেফতার ২

Printed Edition

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক নারীর কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং লুণ্ঠিত অর্থের মধ্যে নগদ এক লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে লালপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ওসি শফিকুল ইসলাম। পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে লালপুর-গোপালপুর সড়কের যুব উন্নয়ন কমপ্লেক্স-সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জেসমিন নাহার উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি ডাচ-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে এক লাখ ৭৭ হাজার টাকা উত্তোলন করে ভ্যানে বাড়ি ফিরছিলেন। তার ব্যাগে আগে থেকে থাকা আরো তিন হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

পথে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগ রক্ষার চেষ্টা করলে তিনি চলন্ত ভ্যান থেকে পড়ে আহত হন। পরে এ ঘটনায় তিনি লালপুর থানায় অভিযোগ দায়ের করেন। ওসি জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে মেহেরপুর থেকে সবুজ (২০) ও সোহাগ (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ এক লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান চলছে। গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।