আদমদীঘিতে মাদকের ছড়াছড়ি, অপরাধে জড়াচ্ছে যুবসমাজ

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শহরে মাদকের ছড়াছড়ি চরম আকার ধারণ করেছে। হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক। প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের কারণে মরণ নেশায় জড়িয়ে পড়ছে কিশোর, তরুণসহ সব বয়সী মানুষ। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিনিয়ত বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন ও সান্তাহার পৌর শহরের ২৫ থেকে ৩০টি স্পটে প্রকাশ্যে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও গাঁজা বিক্রি হচ্ছে। প্রায় ১৫-২০ জন বড় মাদক ডিলার বিভিন্ন মহলকে ম্যানেজ করে এই সিন্ডিকেট গড়ে তুলেছেন। উপজেলার কুসুম্বী, চাঁপাপুর, কুন্দগ্রাম, নশরতপুর ও ছাতিয়ানগ্রাম বাজার এবং সান্তাহারের চা-বাগান, হরিজন কলোনি, রেলওয়ে ইয়ার্ড, হাটখোলা ও বিভিন্ন বাইপাস এলাকায় মাদক কেনাবেচা চলছে। ট্রেন ও বাসযোগে বিভিন্ন কৌশলে সান্তাহারে মাদক ঢুকছে।

তালিকাভুক্ত অনেক মাদক কারবারি গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার একই ব্যবসায় নামছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে চুনোপুঁটিরা ধরা পড়লেও রাঘববোয়ালরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। পৌর শহরের বাসিন্দা এনামুল হক, সিদ্দিকুর রহমানসহ স্থানীয়রা জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে বর্তমান প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। প্রশাসনকে এটি শক্ত হাতে দমন করতে হবে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জানান, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। পুলিশ তৎপর রয়েছে এবং কারবারিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আসিফ হোসেন বলেন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং এই সমাজকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।