ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সময় গড়ানোর সাথে সাথে দল গুছিয়ে নিতে ব্যস্ত বিভিন্ন দেশের কোচরা। ব্রাজিলেও চলছে সেই প্রস্তুতি। তবে সেলেকাও শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন সময়কে হার মানিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবেন কি নেইমার জুনিয়র?
বাম হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন নেইমার। সতীর্থরা যখন ছুটিতে, তখন সান্তোসের সিটি রেই পেলে ট্রেনিং সেন্টার ও নিজের ব্যক্তিগত জিমে নিয়মিত অনুশীলনে ব্যস্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শারীরিক উন্নতির আপডেটও দিচ্ছেন। প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে ব্যায়াম করছেন। হাঁটুতে অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গায় ব্যান্ডেজ থাকলেও মুখের অভিব্যক্তি বলছে পুনর্বাসনের পথটা বেশ কষ্টকর। গত ২২ ডিসেম্বর অস্ত্রোপচারের পর চলতি সপ্তাহে নেইমার পুনর্বাসনের শেষ ধাপে প্রবেশ করেছেন।



