১৭ বছর পর নয়াপল্টনে তারেক রহমান

নতুন করে দেশ গঠনের আহ্বান

Printed Edition
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান : নয়া দিগন্ত
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকেই সবাইকে দেশ নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের চতুর্থ দিনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এটি ছিল তারেক রহমানের প্রথম আগমন।

তারেক রহমানের আগমনকে ঘিরে দুপুর থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের সড়কে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বিকেলে তিনি নয়াপল্টনে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ থাকলে সাধারণ মানুষের চলাচলে কষ্ট হবে। তাই যত দ্রুত সম্ভব রাস্তাটি খুলে দেয়ার চেষ্টা করা হবে, যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। তিনি আরো বলেন, ইনশাআল্লাহ, কর্মসূচির মাধ্যমে আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে। সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি, যেন সবাই সুস্থ ও ভালো থাকেন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকেই আসুন আমরা দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নির্ধারিত অফিস কক্ষে যান। বিএনপি চেয়ারপারসনের কক্ষের পাশেই নতুনভাবে এই কক্ষটি প্রস্তুত করা হয়েছে। এর আগে গত রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন তারেক রহমান। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসনের জন্য নয়াপল্টনের এই কার্যালয় চালু হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এখানে এটিই তার প্রথম আগমন।

দেড় দশকের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় ফেরার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন বিএনপির এই নেতা। দেশে ফেরার প্রথম দিন সংবর্ধনা ও বক্তব্য শেষে তিনি মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। পরে রাতে পরিবারের সদস্যদের সাথে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেয়া হয়েছিল। কয়েক মাস আগে বাড়িটির মালিকানা আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের নামে হস্তান্তরের পর সেখানে নতুন করে সংস্কারকাজ সম্পন্ন করা হয়।