ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই : হাকাবি

Printed Edition

টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন- ইসরাইল না থাকলে খোদ আমেরিকারই কোনো অস্তিত্ব থাকত না। ইসরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্পের অবস্থানকে একপ্রকার চ্যালেঞ্জ করে মাইক হাকাবি বলেন, ইহুদিদের ধর্মীয় ও ঐতিহাসিক ভিত্তি ছাড়া বর্তমান আমেরিকার অস্তিত্ব কল্পনা করা অসম্ভব এবং মার্কিন ইতিহাস ও সার্বভৌমত্ব গড়ে ওঠার পেছনে এই ভূখণ্ডের অবদান অনস্বীকার্য। হাকাবির এই মন্তব্য এমন এক জটিল সময়ে সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট নিজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন।

সম্প্রতি অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের ওপর তার ব্যক্তিগত ও রাষ্ট্রীয় প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, তিনি কিংবা যুক্তরাষ্ট্র পাশে না থাকলে এতদিনে ইসরাইলের কোনো অস্তিত্বই থাকত না। কারণ তাদের জন্য তিনি যে ধরনের সাহসী পদক্ষেপ নিয়েছেন, তা অন্য কোনো প্রেসিডেন্টের পক্ষে সম্ভব হতো না। তবে পর্দার আড়ালে ট্রাম্প এখন ভিন্ন সমীকরণ মেলাচ্ছেন। আগামীকাল শুক্রবার জেনেভায় তেহরানের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।