সামা টিভি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি নস্যাৎ করার কোনো সুযোগ ইসরাইলকে দেয়া উচিত হবে না বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ও সমর্থন অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি ইস্তাম্বুলে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এই আহ্বান জানান।
শাহবাজ শরিফকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে এরদোগান অভিযোগ করেন, বর্তমান যুদ্ধখেকো ইসরাইল প্রশাসন এই অঞ্চলে সংঘাত অবসানের চলমান প্রচেষ্টাকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। আঙ্কারা এই বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর সদিচ্ছা ও অবদান ছাড়া এই ভূখণ্ডে কোনো দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়। ইসরাইলকে ইঙ্গিত করে তিনি হুঁশিয়ারি দেন যে, এই অঞ্চলকে আবারো বারুদ ও রক্তের গন্ধে ডুবিয়ে দেয়ার কোনো সুযোগ কাউকে দেয়া যাবে না। প্রেসিডেন্ট এরদোগান দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন-তেহরান চুক্তি দুর্বল করার চেষ্টার জন্য ইসরাইলকে অভিযুক্ত করার পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় তাদের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে আসছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পর কাতারে উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে একটি পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয় এবং এরপরই এরদোগানের এই মন্তব্য সামনে এলো। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, এই সমঝোতা স্মারকের যেকোনো ধরনের লঙ্ঘন ঠেকাতে এবং দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য ওয়াশিংটনের সাথে সরাসরি একটি ‘যোগাযোগ চ্যানেল’ স্থাপন করবে তেহরান।



