ক্রীড়া প্রতিবেদক
পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আমজাদ হোসেন। বিসিবির মিডিয়া কমিটি থেকে সরিয়ে দেয়ার পর পরিচালনা পর্ষদ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই সংগঠক। এর ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন দুজন পরিচালক। গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক।
গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আমজাদ হোসেনের জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে মো. মোখছেদুল কামালকে। এর পরপরই ই-মেইলে বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন আমজাদ। সংবাদ মাধ্যমকে পদত্যাগ নিয়ে আমজাদ বলেছেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদ চাইলে যে কোনো দায়িত্বে পরিবর্তন আনতেই পারে। আমাকেও মিডিয়া কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। আমার মনে হয়েছে, এই বোর্ডে যখন ভ্যালু অ্যাড করতে পারছি না, তখন আর পরিচালক পদে থাকারও কোনো মানে নেই।’



