এনামুল হক রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠির রাজাপুর উপজেলার আমতলা-চারাখালি মাদরাসা সড়কটি নির্মাণের ১৫ দিনের মাথায় পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই কিলোমিটার সড়কটির এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবেই সড়কটির এমন হাল হয়েছে বলে মনে করছেন তারা।
সরেজমিন দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের পিচ ও পাথরের আস্তরণ উঠে গেছে। কোনো কোনো স্থানে হাত দিয়ে টান দিলেই উঠে আসছে পিচ, বের হয়ে যাচ্ছে ইটের খোয়া। সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পাশের গাইড-ওয়াল ও সড়কের কিনারার অংশেও এবড়ো-খেবড়ো গর্ত দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা কয়েকটি গর্তে ডালপালা পুঁতে রেখেছেন।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে পিচ উঠে খোয়া বেরিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, সড়ক নির্মাণে পর্যাপ্ত বিটুমিন ব্যবহার করা হয়নি এবং যথাযথভাবে রোলারও চালানো হয়নি। ফলে কাজ শেষ হওয়ার পরপরই সড়কের বিভিন্ন অংশ নষ্ট হতে শুরু করেছে।
তারা আরো বলেন, সড়কটি দিয়ে প্রতিদিনই স্কুল-মাদরাসার শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কের মাঝখানে বড় গর্ত তৈরি হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাদের প্রশ্ন, মাত্র দুই কিলোমিটার সড়কে ৮৫ লাখ টাকা ব্যয় হলেও নির্মাণের কয়েক দিনের মধ্যেই সেটি নষ্ট হয়ে যায় কিভাবে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, কাজটির বিল এখনো পরিশোধ করা হয়নি। পরিদর্শনে গিয়ে কাজের ত্রুটি পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। কাজ সঠিকভাবে সংস্কার করে বুঝিয়ে না দেয়া পর্যন্ত কোনো বিল পরিশোধ করা হবে না। কাজের মান যাচাই করে সন্তুষ্ট হওয়ার পরই বিল দেয়া হবে।
স্থানীয় বাসিন্দারা সড়কটির নির্মাণকাজের অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। একই সাথে দ্রুত নিম্নমানের কাজের অংশগুলো পুনর্নির্মাণের দাবি জানান।



