মিরসরাইয়ে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মাইকিং

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশে উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, সালিসবাণিজ্যসহ সব ধরনের অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা কাটাছড়া ইউনিয়ন ও পৌরসভা বিএনপির উদ্যোগে ইউনিয়ন ও পৌর এলাকাজুড়ে এই প্রচারণা চালানো হয়।

একই দিন উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার মায়ানী, মঘাদিয়া, সাহেরখালী, খৈয়াছড়ায় মাদকবিরোধী মাইকিং করা হয়। প্রচারণায় মাদকের সঙ্গে জড়িত কারবারি, চালানকারী, বিক্রেতা ও সেবনকারী ও সালিসবাণিজ্যকারীর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। পাশাপাশি তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়।

উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর বলেন, ‘মিরসরাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে আমরা মাঠে কাজ করছি। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। সমাজের সবাইকে এগিয়ে এসে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজ যত বড়ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত আইনিব্যবস্থা নেয়া হবে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।