হাসপাতালে আহতদের ওপরহামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার দাবি এনডিএফের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আহত শিবির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হামলাকে অত্যন্ত গর্হিত কাজ বলে অভিহিত করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। হামলাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে এনডিএফ বলেছে, দুর্বৃত্তরা হাসপাতালে গিয়েও চিকিৎসাধীন আহতদের ওপর আবার হামলা চালায়। একই সাথে সাধারণ রোগী ও তাদের স্বজনরাও হামলা ও আতঙ্কের শিকার হন। এই ঘটনায় ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধের জের কোনোভাবেই হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া গ্রহণযোগ্য নয়। হাসপাতালের জরুরি বিভাগে যখন সঙ্কটাপন্ন রোগীদের জীবনরক্ষায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করেন, তখন সেখানে সংঘর্ষ ও হামলা শুধু চিকিৎসাসেবা ব্যাহত করে না বরং রোগী ও চিকিৎসাসংশ্লিষ্ট সবার জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ওই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছে। একই সাথে হামলা ও সহিংসতার সাথে জড়িত ব্যক্তিদের সে যে পক্ষেরই হোক আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি।