কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অবমাননাকর হিসেবে অভিহিত করেন এবং অসন্তোষ প্রকাশ করেন।
ভারত আর বাংলাদেশের সম্পর্কে যেন উন্নতি না হয়, সেজন্য প্রার্থনা করেন বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি (ভারত-বাংলাদেশ সম্পর্ক) ইউনূসের (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।
সম্প্রতি ভারতের গণমাধ্যম এবিপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ভারত থেকে রাতের আঁধারে কিভাবে বাংলাভাষী মানুষদের বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়, তারও ব্যাখ্যা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাদের পুশ ব্যাক করা হবে, বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) তাদের ১০ থেকে ৪০ দিন পর্যন্ত নিজেদের কাছে রেখে দেয়। এরপর যখন, যেখানে বাংলাদেশের সীমান্তরক্ষীরা থাকে না, সেখান দিয়ে ধাক্কা মেরে তাদের পাঠিয়ে দেয়া হয়।



