সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো

অ্যাথলেতিকো মাদ্রিদকে হারাল রিয়াল

Printed Edition
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের গোল উৎসব :  ইন্টারনেট
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের গোল উৎসব : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ফাইনালের মঞ্চ তৈরি করল জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। খেলা শুরুর মাত্র ৭৭ সেকেন্ডে ফেদেরিকো ভালভার্দের নেয়া দুর্দান্ত এক ফ্রি-কিকে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া তার শক্তিশালী শটটি আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওব্লাকের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। চলতি মৌসুমে এটি ছিল ভালভার্দের প্রথম গোল।

গোলের পর কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে রিয়াল। প্রথমার্ধে আতলেতিকো বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়। সোরলথের হেড এবং জুলিয়ান আলভারেজের শট দুর্দান্তভাবে প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। মাঝমাঠে ভালভার্দের পাস নিয়ন্ত্রণে নিয়ে আতলেতিকোর রক্ষণভাগ ভেদ করে ঠাণ্ডা মাথায় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এটি ছিল শেষ পাঁচ ম্যাচে তার তৃতীয় গোল।

তিন মিনিট পরই আতলেতিকো ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। জিউলিয়ানো সিমিওনের ক্রস থেকে হেডে গোল করেন সরলথ। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে দিয়েগো সিমিওনের দল। শেষ দিকে গ্রিজমানের অ্যাক্রোবেটিক শট এবং মার্কোস ইয়োরেন্তের প্রচেষ্টা ব্যর্থ হয় কোর্তোয়ার দৃঢ়তায়।

ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে না থাকলেও তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়াকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে রেখে সফল কৌশল নেন কোচ জাবি আলোনসো। টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ এখন তাকিয়ে আছে শিরোপার দিকে।

আগামী রোববার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা, যারা অপর সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে রেকর্ড ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। চলতি মৌসুমে এটি হবে দুই দলের দ্বিতীয় এল ক্লাসিকো, যেখানে আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াই প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।