আপনার যদি অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন বা এ-ফিব থাকে, তবে সক্রিয় থাকা বা হালকা ব্যায়াম আপনার জন্য একটি বড় পরিবর্তন আনতে পারে। এ-ফিব হলো এক ধরনের অনিয়মিত হৃৎস্পন্দন যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক এক কোটি পাঁচ লাখ প্রাপ্তবয়স্ককে প্রভাবিত করে। অথচ গবেষণায় দেখা গেছে, এ-ফিব আক্রান্ত ব্যক্তিরা সাধারণ মানুষের তুলনায় কম সক্রিয় থাকেন।
৮৭হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কদের উপর করা একটি নতুন গবেষণায় দেখা গেছে, সামান্য শারীরিক কার্যকলাপও স্ট্রোক এবং মৃত্যু এড়ানোর সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং অংশগ্রহণকারীদের এ-ফিব থাকুক বা না থাকুক, এই উপকারিতা একই রকম ছিল।
নিষ্ক্রিয় প্রাপ্তবয়স্কদের তুলনায়, যারা হালকা শারীরিক কার্যকলাপ করেন তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা ৯% কম ছিল। মাঝারি এবং উচ্চ মাত্রার শারীরিক কার্যকলাপ এই ঝুঁকি আরো বেশি কমিয়েছে, যা প্রায় ২০% হ্রাস করে।
সক্রিয় থাকার সাথে যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ১১% থেকে ২২% পর্যন্ত হ্রাসের সম্পর্কও পাওয়া গেছে এবং এ-ফিব আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে, যারা সক্রিয় ছিলেন, তারা যারা সক্রিয় ছিলেন না তাদের চেয়ে আরো কয়েক বছর পর্যন্ত বেশি বেঁচেছেন।
গবেষকরা আশা করছেন, এই ফলাফল রোগীদের যেকোনো গতিতে হলেও সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।
নরওয়ের ইউআইটি দ্য আর্কটিক ইউনিভার্সিটির পোস্টডক্টরাল ফেলো এবং এই গবেষণার প্রধান লেখক ক্রিস্টোফার জোহানসেন বলেন, ‘আমি আশা করি আমাদের এই ফলাফল চিকিৎসক এবং এ-ফিব আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অল্প মাত্রার শারীরিক কার্যকলাপের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। একজন ব্যক্তি কখন থেকে সক্রিয় হওয়া শুরু করছেন তা নির্বিশেষে প্রকৃত স্বাস্থ্যগত উপকারিতা লাভ করা সম্ভব এবং সামান্য ব্যায়ামও একেবারে কিছু না করার চেয়ে ভালো।’ ইন্টারনেট।



