আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম বন্যাকবলিত চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াতে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আনোয়ারার উপকূলীয় এলাকার শত শত পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপরিকল্পিত ও অকার্যকর বেড়িবাঁধের কারণেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতীতে বেড়িবাঁধ নির্মাণে বিপুল অর্থ বরাদ্দ হলেও তার যথাযথ ব্যবহার হয়নি। চলতি বাজেটেও এ খাতে বরাদ্দ রয়েছে। সেই অর্থ যেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ ও কার্যকরভাবে ব্যয় হয় এবং মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করা যায়, সে বিষয়ে সংসদে জোরালো ভূমিকা রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলম মানিক, উপজেলা যুগ্ম সমন্বয়ক দেলোয়ার হোসেনসহ এনসিপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।



