নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাকে অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও দুঃখজনক মন্তব্য করে এজন্য আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী সর্বদা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং যেকোনো গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের চড়াও হওয়া বা সহিংসতা সৃষ্টি করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি আরো বলেন, ধানমন্ডি জোনের বিক্ষোভ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর সেখানে উপস্থিত কিছু অতি-উৎসাহী ব্যক্তি বা অনাকাক্সিক্ষত বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা কোনো উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনোই প্রশ্রয় দেয় না।
তিনি বলেন, এ ঘটনার পেছনে প্রকৃতপক্ষে কারা জড়িত এবং কিভাবে এই ভুল বোঝাবুঝির সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। যদি আমাদের কোনো স্তরের কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুবায়ের বলেন, আমরা বিশ্বাস করি, ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার এই ক্রান্তিলগ্নে গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় থাকা অত্যন্ত জরুরি। কোনো স্বার্থান্বেষী মহল যেন এই ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বা ফাটল সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি এই বিবৃতির পর ভুল বোঝাবুঝির অবসান হবে।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধে জামায়াতে ইসলামী আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা মহানগরী দক্ষিণ : অপর এক বিবৃতিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে অনাকাক্সিক্ষতভাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি ইতিপূর্বে স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। ধানমন্ডিতে অনাকাক্সিক্ষতভাবে সাংবাদিকের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে ওই ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবারের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে দোষীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, মহানগরী নেতৃবৃন্দের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনকে তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ খবর নিতে পাঠানো হয়। মহানগরী সংগঠনের পক্ষ থেকে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।



