ক্রীড়া ডেস্ক
ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় আসেন দুই নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদেহ। এবার তারা পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। গত বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নাগরিকত্ব প্রদান করা হয়। নারী এশিয়ান কাপ চলাকালে মার্চ মাসে ইরানের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ায় অবস্থানকালে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানান এই দুই ফুটবলার। পরে তারা ইরানের প্রতিনিধি দলের আরো পাঁচ সদস্যসহ মোট সাতজন অস্ট্রেলিয়ার কাছে সুরক্ষা চেয়ে আবেদন করেন। যদিও পরবর্তীতে ওই সাতজনের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে ইরানে ফিরে যান, পাসানদিদেহ ও রামেজানিসাদেহ অস্ট্রেলিয়াতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
নাগরিকত্ব পাওয়ার পর এক বিবৃতিতে রামেজানিসাদেহ বলেন, ‘এটি আমার জীবনের একটি বিশেষ ও স্মরণীয় দিন। অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে আমি গর্বিত এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ অন্য দিকে পাসানদিদেহ বলেন, ‘আমরা যেসব কঠিন সময় পার করেছি, তার পর এই মুহূর্তের গুরুত্ব ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’



