জাহানারার পাশে ক্রীড়া উপদেষ্টা, তামিম, মাশরাফি

তদন্ত কমিটি গঠন বিসিবির

Printed Edition
ক্রিকেটার জাহানারা আলম
ক্রিকেটার জাহানারা আলম

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে নড়েচড়ে বসেছে পুরো ক্রীড়াঙ্গন। সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে কাঁদতে কাঁদতে নিজের অভিজ্ঞতার বেদনাময় বিবরণ দিয়েছেন জাহানারা। এই অভিযোগ ঘিরে বিসিবি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে, যাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই ঘটনায় সহানুভূতি ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা। পাশাপাশি সরকার থেকেও এসেছে কঠোর বার্তা।

জাহানারার দাবী, বিসিবিকে অসংখ্যবার এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন। কিন্তু প্রতিকার পাননি। তামিম ও মাশরাফি-দুজনই এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে, তবে দেশের ক্রিকেটে তাদের প্রভাব এখনও ব্যাপক। তাদের এই অবস্থান নারী ক্রীড়াবিদদের পক্ষে এক সাহসী বার্তা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে জাহানারা বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায়।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ‘আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। এ ধরনের অভিযোগ নতুন নয়, তবে নিশ্চিত করতে হবে যেন কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’

তামিম ইকবাল স্পষ্টভাবে জানিয়েছেন, জাহানারার অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং সত্য হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি লেখেন, ‘শুধু একজন জাতীয় ক্রিকেটার বলেই নয়, যে কোনো নারী বা ক্রীড়াবিদের প্রতিই এমন আচরণ অগ্রহণযোগ্য।’

তামিম বিসিবির তদন্ত কমিটির বাইরেও একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। ‘বিসিবি সংশ্লিষ্ট কেউ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ের একটি স্বাধীন কমিটি গঠন করা উচিত, যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। জাহানারা আগেও জাতীয় দলের পরিবেশ নিয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু বিসিবি তা যাচাই না করেই উড়িয়ে দিয়েছে- এটা কখনোই কাম্য নয়। তা অবশ্যই খতিয়ে দেখা উচিত।’

তামিম নারী ক্রিকেটারদের উদ্দেশে সাহসের সঙ্গে মুখ খুলতে আহ্বান জানিয়ে বলেন, ‘যারা কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, তারা যেন নির্ভয়ে সামনে আসেন। দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যতের জন্য এটা জরুরি। কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে থাকব।’

মাশরাফি বিন মর্তুজাও নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। তদন্ত কমিটি যেন সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে কাজ করে এবং সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়।’

এর আগে নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে ক্রিকেটারদের মারধরের অভিযোগ করেছিলেন জাহানারা। তবে সেই বিষয়টি তদন্ত ছাড়াই উড়িয়ে দিয়েছিল বিসিবি। তামিম সেই ঘটনারও তদন্ত চান। ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

এদিকে চীনে অবস্থান করা মঞ্জু ভিত্তিহীন বলেছেন জাহানারার অভিযোগকে।