শাহজাদপুরে নির্বিচারে গুলিবর্ষণকারী আওয়ামী ক্যাডারকে গ্রেফতার দাবি

Printed Edition

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ারে গ্রাম্য কাইজায় (বিবাদ) নির্বিচারে শটগান দিয়ে গুলিবর্ষণকারী এরশাদ শিকদার খ্যাত আফতাফ সরকারকে আটকের দাবি জানিয়ে ঝাড়– মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার আলোকদিয়ার গ্রামের খেলার মাঠে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল হয়। এতে শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে মিল্কভিটার সাবেক পরিচালক নজরুল ইসলাম নকির, বিএনপি নেতা আব্দুল আওয়াল, আলমাস আলী খান, কোরবান আলী, আজিম প্রামাণিক, আঞ্জুয়ারা খাতুন, আজমিরা খাতুন এবং লতা পারভিন বলেন, বাঘাবাড়ি বন্দর এলাকার এরশাদ শিকদার খ্যাত বন্দুক বাহিনীর প্রধান আওয়ামী লীগের সন্ত্রাসী আফতাব সরকার দীর্ঘদিন নিজস্ব বাহিনী গঠন করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখান থেকে নিয়মিত বিভিন্ন এলাকায় অস্ত্র পাচার করে। এলাকায় ত্রাস সৃষ্টি করতে মাঝে মধ্যেই আগ্নেয়াস্ত্র বের করে মহড়া দিয়ে গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়ায়। মূলত এলাকার অর্থনৈতিক চালিকাশক্তি বাঘাবাড়ি পোর্ট, বালুমহলসহ তেলের ব্যবসা নিয়ন্ত্রণে রাখতেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। আফতাব সরকার ও তার বন্দুক বাহিনীর এমন ভয়ঙ্কর কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। গত বৃহস্পতিবার গ্রাম্য কাইজা (বিবাদ) লাগিয়ে গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে।

আফতাব সরকারের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করে অবিলম্বে বন্দুক বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত আফতাব সরকার জানান, তার অস্ত্রের লাইসেন্স আছে। এসব বিষয় দেখার জন্য আইন বিভাগ আছে তারা দেখবে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এরই মধ্যে অস্ত্র জমা দিয়ে গেছেন আফতাব সরকার। এ ঘটনায় কেউ মামলাও করেনি।