মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে। সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক। প্রান্তিক পর্যায়ে দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে কাজ করছে সরকার। গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে বাধ্য না হন, সে জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় হাসপাতালটির স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।



