রাশিয়া-ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

Printed Edition
ইউক্রেনের কিয়েভে রুশ হামলার ফলে আবাসিক ভবনে আগুন ধরে গেলে তা নেভানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা :  ইন্টারনেট
ইউক্রেনের কিয়েভে রুশ হামলার ফলে আবাসিক ভবনে আগুন ধরে গেলে তা নেভানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা : ইন্টারনেট

রয়টার্স

রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে গতকাল সোমবার উভয় পক্ষের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

লুহানস্কের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে একটি ছাত্রাবাসে ড্রোন হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়ার পর কিয়েভে এই হামলা চালানো হলো। মস্কো একে একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে বর্ণনা করেছিল। তবে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, তারা ওই এলাকার একটি অভিজাত ড্রোন কমান্ড ইউনিটে আঘাত হেনেছে। চার বছরের এই যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত এটি কিয়েভের ওপর চালানো রাশিয়ার অন্যতম ভারী বোমাবর্ষণের ঘটনা। এরপর থেকে ইউক্রেনের সশস্ত্র আগ্রাসনের কারণে রুশ-নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের হরলিভকা শহরে দুই কিশোরসহ চারজন নিহত হয়েছেন বলে সোমবার টেলিগ্রামে জানিয়েছেন শহরটির মেয়র ইভান প্রিখোদকো।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এই হামলার কারণে ওই এলাকার বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে টেলিগ্রামে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনজুড়ে হামলা : ইউক্রেনে শেষ ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ার কামানের গোলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দু’জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে সোমবার টেলিগ্রামে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে আরেকটি হামলায় একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর জানান যে, প্রাথমিক তথ্য অনুযায়ী রাশিয়া শহরের বাইরে দেরহাচি নামক স্থানে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলে একটি ছয় বছরের ছেলেওসহ আরো আটজন আহত হয়েছেন বলে পৃথক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দিনিপ্রোপেত্রোভস্কের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে যে, পাভলোহরাদ শহরে একটি ৯ তলাবিশিষ্ট আবাসিক ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। তারা ওই ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হওয়ার ছবিও পোস্ট করেছে। রয়টার্স স্বাধীনভাবে এই খবরগুলো যাচাই করতে পারেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে উভয় দেশই বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা এখন পর্যন্ত এই যুদ্ধ অবসানে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সঙ্ঘাত বাড়ানোর চেষ্টার অভিযোগ তুলেছে। রাশিয়া নতুন করে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে এমন আশঙ্কা থেকে ইউক্রেন তাদের উত্তরের অঞ্চলগুলোতে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে। গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে যুদ্ধ অবসানের জন্য কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করা উচিত।