নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোটে মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক বেলাল হোসেন রিয়াজের কার্যালয়ে একদল কিশোর গ্যাং হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট থানার অদূরে আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ওই সাংবাদিকের বুকে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বেলাল হোসেন রিয়াজ তার কার্যালয়ে বসে সংবাদ তৈরির কাজ করছিলেন। এ সময় মুখোশধারী একদল কিশোর গ্যাং সদস্য আকস্মিক তার কার্যালয়ে প্রবেশ করে। তারা সাংবাদিক রিয়াজের দিকে পিস্তল তাক করে তাকে কার্যালয় থেকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। এই ঘটনায় ওই ভবনে থাকা মাদরাসার শিক্ষার্থী এবং বসবাসকারী পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ বলেন, আমি অফিসে কাজ করার সময় মুখোশ পরা একদল কিশোর এসে আমার দিকে পিস্তল তাক করে বলে, ‘তুই অফিস থেকে বের হ, তোর সাথে কথা আছে।’ আমি বের হতে অস্বীকৃতি জানালে তারা হুমকি-ধমকি দিয়ে আমাকে তুলে নেয়ার চেষ্টা করে।
এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিকের কার্যালয়ে ঢুকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



