ডিপিএল মাঠে গড়াচ্ছে আজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মৌসুম অনুযায়ী প্রতিদিনই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মুখেই আজ থেকে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। এতকাল প্রিমিয়ার লিগের প্রতি রাউন্ডে খেলা হতো দু’দিনে। মানে ১২ দলের ছয় দল খেলত প্রথম দিন। পরের দিন খেলত বাকি ছয় দল, কিন্তু এবার এক দিনেই ১২ দল খেলবে। প্রতিদিন ছয় মাঠে হবে খেলা।

আজ বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্সে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও ঢাকা লেপার্ডস। বিকেএসপি ৩ নম্বর মাঠে গতবারের রানারআপ মোহামেডানের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের নতুন দল মিরপুর সিটি ক্লাব। ইউল্যাব মাঠে মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন। ৩০০ ফুট পূর্বাচলের ক্রিকেটার্স অ্যাকাডেমি মাঠে মোকাবেলা করবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান মাঠে অগ্রণী ব্যাংকের সাথে লড়বে গুলশান ক্রিকেট ক্লাব। এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ঢাকা লিজেন্ডস।

আগের মতোই বিসিবির সাথে চুক্তিভুক্ত কোচদের কেউই বিপিএল আর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ- দুই আসরের কোচিং করাতে পারবেন না। তাই জাতীয় বয়সভিত্তিক দলের কোচ হান্নান সরকার আবাহনীর কোচ হতে পারছেন না। দায়িত্ব সামলাবেন সাবেক ফাস্ট বোলার আনোয়ার হোসেন মুনির এবং আবাহনীর সহকারী কোচ সেন্টু। আকাশি-হলুদ জার্সিধারীদের ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্য দিকে মোহামেডানের কোচ এবারো মিজানুর রহমান বাবুল। আর অধিনায়ক এবারো তৌহিদ হৃদয়। প্রাইম ব্যাংকের কোচের দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের। দলটির অধিনায়ক আকবর আলী। অগ্রণী ব্যাংকের কোচ রাজিন সালেহ, অধিনায়ক ইসরুল কায়েস। নবাগত ঢাকা লেপার্ডসের কোচ মোহাম্মদ সেলিম, অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং শেখ জামালের হেড কোচ তুষার ইমরান, অধিনায়ক নুরুল হাসান।

সভাপতি তামিম ইকবাল ভাত-মাছের পরিবর্তে খেলোয়াড়দের গ্রিলড চিকেন ও রুটি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এত কিছু করতে গিয়ে খরচের খাতটাও বড় হয়েছে। লিগ সম্পন্ন করতে পাঁচ কোটি টাকা লেগে যেতে পারে। বৃষ্টির মৌসুমে খেলা হওয়ায় রিজার্ভ ডে রাখা হয়েছে। ঢাকা এবং পাশের চারটি মাঠ ভাড়া বাবদ ১১ রাউন্ডে ১১ লাখ টাকা খরচ হবে। এবার ম্যাচ ভেনুতে দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সতর্ক উপস্থিতি থাকবে। ড্রেসিংরুমে মোবাইল ব্যবহারের অনুমতি দেয়া হবে না। স্পন্সর পেলেও কোষাগার থেকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে বিসিবিকে।