মালদ্বীপ থেকে প্রতিনিধি
মালদ্বীপে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদুল হাসানের লাশ দেশে আসছে আজ। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দুলা হাজরা ইউনিয়নের রাশেদুল হাসান (২০) গত সপ্তাহে মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু আইল্যান্ডে এক দুর্ঘটনায় নিহত হন।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানায়, নিহত রাশেদুল হাসান কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে আসেন মাত্র সাত মাস আগে। তিনি গুরাইধু আইল্যান্ডের একটি কফিশপে বৈধভাবে কর্মরত ছিলেন। ২৩ এপ্রিল রাতে কাজের ফাঁকে নিজে নিজেই মোটরসাইকেল চালনা শিখছিলেন। এ অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে পাশে সমুদ্রের পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইকমিশন আরো জানায়, হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এ ঘটনার পর থেকেই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিহতের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে রাশেদুলের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন।



