বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫ শতাংশ কর হ্রাসে শিক্ষার মানোন্নয়নের সুযোগ : ইউজিসি চেয়ারম্যান

Printed Edition

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ৫ শতাংশ কর হ্রাসের সরকারি সিদ্ধান্তকে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

একইসাথে তিনি বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে গবেষণাকেন্দ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাতীয় গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

রোববার রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ৫ শতাংশ কর হ্রাস শুধু আর্থিক সুবিধা নয়, বরং উচ্চশিক্ষার গুণগত উন্নয়নের একটি সুযোগ। আশা করি বিশ্ববিদ্যালয়গুলো এই অর্থ শিক্ষক-শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা এবং মানসম্মত গবেষণায় ব্যয় করবে। তিনি বলেন, দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো মূলত পাঠদাননির্ভর। শুধু পাঠদান নয়, গবেষণায়ও নেতৃত্ব দিতে হবে। জাতীয় সমস্যার সমাধান এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে মানসম্মত গবেষণার বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন- এপিইউবির সভাপতি মো: সবুর খান, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন, ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টিসহ সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি।