কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিলের দাবিতে জামায়াতের বিক্ষোভ

সম্পত্তি হস্তান্তর

Printed Edition
সংশোধিত সম্পত্তি হস্তান্তর আইনের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিক্ষোভ : নয়া দিগন্ত
সংশোধিত সম্পত্তি হস্তান্তর আইনের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিক্ষোভ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনকে কুরআন-সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের আগে এমন আইন না করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপি তা রক্ষা করেনি।

সোমবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করা এবং মদিনা সনদ অনুসারে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু ক্ষমতায় গিয়ে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করেছে, যা তার ভাষায় কুরআন-সুন্নাহবিরোধী। এর প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ থেকে ওয়াক-আউট করেন বলে তিনি জানান। তিনি এই আইন পাসকে সরকারের কর্তৃত্ববাদী শাসনের দিকে অগ্রসর হওয়ার লক্ষণ বলে মন্তব্য করেন এবং ইসলামের বিধান নিয়ে ভুল তথ্য দেয়ার অভিযোগ তুলে আইনমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা দাবি করেন। সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনের পাশাপাশি মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনও প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপিও একইভাবে ওই তিনটি আইন প্রত্যাহারের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি আইনগুলোকে গণবিরোধী আখ্যা দিয়ে দ্রুত বাতিলের দাবি জানান।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেন, বিরোধী দলের সাথে আলোচনা না করেই আইনটি পাস করা হয়েছে এবং ভবিষ্যতে আইন প্রণয়নের আগে আলেমদের পরামর্শ নেয়ার আহ্বান জানান।

সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এতে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।