নিজস্ব প্রতিবেদক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ (বুধবার) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশী মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সেই সাথে আজ সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত রাখা হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত রোববার মারা যান। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। তার মৃত্যুতে গত রোববার বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোক বইয়ে স্বাক্ষর গোলাম পরওয়ারের
কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান এবং কাতারের শোকাহত রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।
শোক বইয়ে স্বাক্ষর শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির, কাতার সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি।



