ক্রীড়া প্রতিবেদক
মাঠের বাইরেও নিজের মহানুভবতার পরিচয় দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ভেনিজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি উদ্ধারকাজ এবং মানবিক সহায়তার জন্য দুই লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় তিন কোটি টাকা) অনুদান দিলেন সেলেসকাওদের এই মধ্যমণি। ভেনিজুয়েলার সংবাদমাধ্যম ‘এল সুমারিও’ জানিয়েছে নেইমারের দেয়া এই অর্থ ক্ষতিগ্রস্তদের খাদ্য, নিরাপদ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যবহার হবে।
এক বিবৃতিতে ভেনিজুয়েলার জনগণের প্রতি সমবেদনা জানিয়ে নেইমার বলেন, ‘আমার হৃদয় ভেনিজুয়েলার মানুষের পাশে রয়েছে। আমি আশা করি, এই সামান্য অবদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শক্তি জোগাবে এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।’
গত বুধবার উত্তর ভেনিজুয়েলায় মাত্র ১ মিনিটের ব্যবধানে ৭.৫ ও ৭.২ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজের দেয়া তথ্যানুযায়ী, এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ৪৩০ ছাড়িয়ে গেছে এবং তিন হাজার ২৩৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ভিটেমাটিহীন হয়েছে তিন হাজার ১৪২টি পরিবার।



