চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস চালুর দাবি চাকসুর

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

‘ঢাবি-রাবি বাস পায়, চবি কেন অবহেলায়’ সেøাগান দিয়ে বাস চালুর দাবি জানিয়েছে চাকসু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস চালু করার দাবিতে চাকসুর উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা এ সেøাগান দেয়। সোমবার প্রশাসনিক ভবনের সামনে চাকসু নেতারা ও অধিকার সচেতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পলিত হয়।

এক পর্যায়ে চাকসু নেতারা ভিসির সাথে সাক্ষাৎ করে বাস চালুর দাবি নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভিসি ১১ আগস্ট বিআরটিসি কর্তৃপক্ষের সাথে সভা আহ্বান করেন।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো: ইসহাক ভূঁঞা বলেন, চবি শিক্ষার্থীদের একমাত্র পরিবহন শাটল ট্রেন। যেটি নানান সমস্যায় জর্জরিত এবং অপর্যাপ্ত। সেজন্য শিক্ষার্থীদের চাহিদার আলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে বাস চেয়ে দাবি দিয়েছি। অফিসিয়াল আলোচনায় কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি দিয়েছি।

তিনি আরো বলেন, ‘ভিসি স্যারের সাথে সাক্ষাতের পর তিনি বিআরটিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু যদি সুষ্ঠু কোনো সমাধান না পাই, তবে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বর, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান, নির্বাহী সদস্য সালমান ফারসিসহ হল সংসদ নেতারা।