উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় স্থানীয় কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী শাকিলা শারমিন রেশমীকে (২২) গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় ইদ্রিস পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে একটি ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতার শাকিলা শারমিন রেশমী হাজিরপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী। র্যাব জানিয়েছে, অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়। স্থানীয় সূত্রের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তি ইদ্রিস। গতকাল র্যাব-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার চালান জব্দ করে শাকিলা শারমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ দিকে অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, তার পরিবারকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র বলছে, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ অনেক বেশি এবং এর বাজারমূল্য কোটি টাকায় পৌঁছাতে পারে। এমন বিপুল পরিমাণ মাদক কেবল কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এনে রাখা হয়েছে, এ ধরনের দাবি তদন্তের আগে গ্রহণযোগ্য নয়। স্থানীয় অনেক বাসিন্দাও একই ধরনের প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, কাউকে মিথ্যা মামলায় জড়াতে চাইলে সাধারণত এত বিপুল পরিমাণ মাদক ব্যবহার করার যৌক্তিকতা থাকে না।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সম্ভাব্য পাচারচক্র এবং পলাতক ব্যক্তিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।



