ঢাকা রেশনিং কার্যালয়ে তদন্ত সভা শেষে হট্টগোল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রেশনিংয়ের ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে করা তদন্ত সভায় অভিযোগকারী তারিকুল ইসলাম কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে খাদ্য অধিদফতরের তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রাজধানীর জুরাইনের ঢাকা রেশনিং কার্যালয়ে অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তারিকুল ইসলামকে তার উত্থাপিত অভিযোগের সপক্ষে তথ্য-উপাত্ত ও প্রমাণাদি উপস্থাপনের সুযোগ দেয়া হয়। সভায় উপস্থিত একাধিক সূত্রের দাবি, তারিকুল ইসলাম ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট নথি, তথ্য বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি। একই সাথে খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে সচিবালয়ে দায়ের করা অভিযোগের বিষয়েও সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

তদন্ত সভা শেষে কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ডিলাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ উত্থাপনের কারণে ক্ষুব্ধ ডিলাররা অভিযোগকারী ও তার সহযোগীদের ঘিরে ধরেন এবং বাগি¦তণ্ডার একপর্যায়ে অভিযোগকারী তারিকুল, কাউসারসহ তাদের সহযোগীদেরকে চড়, থাপ্পড়, লাথি, ঘুষি মারার ঘটনা ঘটে। তবে পরিস্থিতির আরো অবনতির আগেই উপস্থিত জ্যেষ্ঠ ডিলার নজরুল ইসলাম, হালিম সিকদারের হস্তক্ষেপ ও উদ্যোগে অভিযোগকারী তারিকুল ইসলাম ও তার সহযোগীদের নিরাপদে ঘটনাস্থল থেকে বের করে দেয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে খাদ্য বিভাগের একটি সূত্র জানায়, তদন্ত কার্যক্রমের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ঘটনার পর ঢাকা রেশনিং কার্যালয় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।