মুন্সীগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যের গড়মিল ও মামলার তথ্য গোপনের অভিযোগে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। গতকাল শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা ও বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী। মামলার তথ্য গোপনের অভিযোগে তাদের মনোনয়ন বাতিল হয়। এ ছাড়া ভোটার তথ্যের গড়মিল পাওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো: কামাল হোসেন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিনের মনোনয়নও বাতিল করা হয়েছে।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বিএনপির কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলনের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মো: আরিফুরজ্জামান দিদার, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো: শিমুল।

জেলা প্রশাসন সূত্র জানায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।