প্রথম ইন্টারন্যাশনাল হার্ট ফেইলিউর প্রি-কনফারেন্স অনুষ্ঠিত

Printed Edition

প্রথম ইন্টারন্যাশনাল হার্ট ফেইলিউর কনফারেন্স ২০২৬ সালের প্রি-কনফারেন্স গতকাল অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফারেন্স ২০২৬ এর অংশ হিসেবে রাজধানীর বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে অনুষ্ঠিত হলো প্রি-কনফারেন্স ওয়ার্কশপ। ওয়ার্কশপে মেডিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কার্ডিয়াক ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (কার্ডিয়াক এমআরআই), এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসির এর আধুনিক অগ্রগতি তুলে ধরা হয়। বাংলাদেশে এই প্রথমবারের মতো এই বিষয়ভিত্তিক ডায়াগনস্টিকস এবং উন্নত কার্ডিয়াক ইমেজিং প্রযুক্তির আধুনিক ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, এআই প্রযুক্তি হার্ট ফেইলিউর দ্রুত শনাক্তকরণ, সঠিক নির্ণয় এবং রোগীর ভবিষ্যৎ ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি কার্ডিয়াক এমআরআই হৃদযন্ত্রের গঠন ও কার্যকারিতা নির্ভুলভাবে মূল্যায়নে স্বর্ণমান হিসেবে বিবেচিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এআই ও আধুনিক ইমেজিং প্রযুক্তির সমন্বয় দেশে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রিকনফারেন্সের উদ্বোধনী বক্তব্য রাখেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা: মোহাম্মদ সফিউদ্দিন। এআই বেইসড মেডিক্যাল ম্যানেজমেন্টের ওপর বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ডিজিটাল হেলথ এক্সপার্ট ডা: সুলতান কাভেরি।

আরো বক্তব্য রাখেন এভায়কেয়ার হাসপাতালের অধ্যাপক ডা: মো: আতাহার আলী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কার্ডিয়াক এমআরআই ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বিএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা: মনজুর মাহমুদ। ভাইস-চেয়ারের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডা: জাফর ইকবাল জামালী। এতে প্যানেলিস্ট ছিলেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল জুরিচের অধ্যাপক ডা: রোবার্ট মানকা, বিএমইউর হার্ট ফেইলিউর ডিভিশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা: দীনে মুজাহিদ মো: ফারুক ওসমানী, সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ সাহিদুল হক প্রমুখ ছাড়াও হৃদরোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।