আলজাজিরা ও আনাদোলু
গাজা উপত্যকায় খাদ্যসঙ্কটের ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সর্বশেষ বিশ্লেষণে। এতে দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৪৬ শতাংশ পরিবার গত ৩০ দিনের মধ্যে অন্তত একবার ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে গেছে। এতে বলা হয়, ৭ শতাংশ পরিবার ওই সময়ে ১০ বারের বেশি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছে। এ ছাড়া অর্ধেক পরিবার অন্তত একবার সম্পূর্ণ খাদ্যশূন্য হয়ে পড়েছে।
আগস্টের খাদ্যনিরাপত্তা বিশ্লেষণ অনুযায়ী, ২১ শতাংশ পরিবার দিনে মাত্র একবেলা খাবার খাচ্ছে। প্রায় ৩৮ শতাংশ পরিবার দৈনিক খাবারের সংখ্যা কমিয়েছে। সন্তানদের খাবার নিশ্চিত করতে ১৭ শতাংশ পরিবার প্রতিদিন প্রাপ্তবয়স্কদের খাবার কমিয়ে দিচ্ছে। জরিপে অংশ নেয়া ৭৫ শতাংশ পরিবার জানিয়েছে, বাজারে খাদ্য সংগ্রহে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। নগদ অর্থের সঙ্কট ও খাদ্যের উচ্চমূল্য এর প্রধান কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইসরাইলি হামলায় নিহত ৭
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের আল-কারারায় ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার বাড়ির বাইরে থাকা অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়। নিহতরা আবদিন পরিবারের দুই ভাই ও তাদের এক চাচাতো ভাই বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এদিকে গাজা সিটির পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় আরেকটি তাঁবুতে হামলায়ও একজন নিহত হন। গাজা সিটির শিল্পাঞ্চলসংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেল লক্ষ্য করে ড্রোন হামলায় আরো একজন নিহত ও কয়েকজন আহত হন। সব মিলিয়ে নিহতের সংখ্যা ৭ জনে দঁড়িয়েছে।
ইসরাইলি কারাগারে বন্দী ৩৭০ ফিলিস্তিনি শিশু
ইসরাইলি কারাগারে বর্তমানে প্রায় ৩৭০ ফিলিস্তিনি শিশু আটক রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্টার ফর প্রিজনার্স অ্যাডভোকেসি। তাদের বেশির ভাগই মেগিদ্দো ও ওফের কারাগারে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।



