সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত গাইবান্ধার সাঘাটা উপজেলা জামায়াতের যুব বিভাগের কর্মী সালাউদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তিনি মারা যান। গতকাল বোনারপাড়া কাজী আজহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই ঘটনায় নিহত বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর কবরের পাশে সালাউদ্দিনকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর সহকারী কেন্দ্রীয় সেক্রেটারি ও রংপুর উত্তরাঞ্চলের দায়িত্বশীল প্রতিনিধি অধ্যাপক মমতাজউদ্দিন। জানাজায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
এ ছাড়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকনুজ্জামান রোকন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি ফাহিম মণ্ডল, সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি আব্দুল গফুর এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



