ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাড়াশে মানববন্ধন

Printed Edition

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙা স্কুল অ্যান্ড কলেজে কর্মরত কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদেরকে ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হলে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। অবশ্য ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আবদুল আলীম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি ষড়যন্ত্র। এলাকার একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ করতে কোমলমতি শিক্ষার্থীদের উসকে দিচ্ছেন।

এ নিয়ে গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাড়াশ উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকার সব ছাত্রছাত্রীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বক্তব্য রাখেন পরিবেশ ও জলবায়ুকর্মী ফয়সাল বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাসঙ্ঘের সাবেক সভাপতি অনন্ত কুমার মাহাতো, বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সৃষ্টি রানী মাহাতো, আম্বিয়া খাতুন, ভুক্তভোগী শিক্ষার্থীর কাকা অন্তর কুমার মাহাতো, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুশীল কুমার মাহাতো প্রমুখ।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।