ইরান যুদ্ধ নিয়ে মার্কিনিদের সমর্থনে ধস

Printed Edition

রয়টার্স

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে দেশটির নাগরিকদের জনসমর্থন হু হু করে কমছে। রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, মাত্র এক-তৃতীয়াংশ মার্কিন নাগরিক এই যুদ্ধকে সমর্থন করছেন। একই সাথে সংখ্যাগরিষ্ঠ নাগরিকের মতে, এই সঙ্ঘাতে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য কী- প্রেসিডেন্ট ট্রাম্প তা স্পষ্ট করতে ব্যর্থ হয়েছেন।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭ শতাংশে পৌঁছালেও যুদ্ধ প্রসঙ্গে তার অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে। জরিপে অংশ নেয়া ৬৯ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, সামরিক পদক্ষেপের উদ্দেশ্য সম্পর্কে সরকার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। এমনকি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও প্রায় ৪০ শতাংশ একই মত প্রকাশ করেছেন। তবে হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জরিপের ফলাফলকে গুরুত্ব না দিয়ে জানিয়েছেন, ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখাই প্রেসিডেন্টের প্রধান লক্ষ্য। গত ফেব্রুয়ারিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর থেকেই এই যুদ্ধের প্রতি জনসমর্থন ৪০ শতাংশের নিচে অবস্থান করছে, যা ২০০১ সালের আফগানিস্তান (৯০ শতাংশ) বা ২০০৩ সালের ইরাক যুদ্ধের (৭০ শতাংশ) শুরুর সময়ের তুলনায় বহুগুণে কম।

সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এই পরিস্থিতি ট্রাম্প ও তার দলের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে।