আলজাজিরা
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে সহিংসতা বাড়ায় দেশটির নিরাপত্তা সঙ্কট আরো গভীর হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় ‘খ্রিষ্টানদের নিরাপত্তা নিশ্চিত না হলে’ সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। তবে দেশটির ক্ষতিগ্রস্ত জনগণ ও বিশ্লেষকরা বলছেন, এই সঙ্কট কোনো বাইরের শক্তি দিয়ে নয়, সমাধান হতে হবে স্থানীয় উদ্যোগ ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে।
বিগত কয়েক বছরে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে মুসলিম পশুপালক ফুলানি সম্প্রদায় ও খ্রিষ্টান কৃষকদের মধ্যে জমি, পানি ও চারণভূমি নিয়ে দ্বন্দ্ব জোরদার হয়েছে। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং পর্যাপ্ত চারণভূমির অভাব সহিংসতার মাত্রা বাড়িয়ে তুলেছে। একই সাথে উত্তরাঞ্চলে বোকো হারাম ও আইএস-সংলগ্ন উগ্রবাদীগোষ্ঠীর হামলায় নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল আকার নিয়েছে।



