ফটিকছড়ি উত্তরের সদর দফতর পুনর্বিবেচনার দাবি

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দফতর সবার জন্য সুবিধাজনক ও সর্বজনগ্রহণযোগ্য স্থানে স্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার অন্তত ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়েছে।

সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত উপজেলা সদর দফতরের স্থানটি ভৌগোলিকভাবে কেন্দ্রীয় নয়। বর্তমান স্থানে সদর দফতর স্থাপন করা হলে অন্তত চারটি ইউনিয়নের বাসিন্দাদের প্রশাসনিক সেবা নিতে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। ফলে সময়, অর্থ ও শ্রমের অতিরিক্ত ব্যয় হবে।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, উপজেলা সদর শুধু প্রশাসনিক কার্যালয় নয়; এটি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই জনস্বার্থ বিবেচনায় এমন স্থানে সদর দফতর স্থাপন করা উচিত, যেখান থেকে উপজেলার সব এলাকার মানুষ সমানভাবে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। তারা সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান।