ফিলিস্তিনকে স্বীকৃতির ভাবনা বেলজিয়ামের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম সরকার। গাজা উপত্যকায় হামাস তাদের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করার পর এই পদক্ষেপ নেয়ার কথা ভাবছে দেশটি। সোমবার রাতে সম্প্রচার মাধ্যম ভিআরটিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভট জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রস্তুত করতে তিনি তার মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন। গত বছর নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ঘোষণা দিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপর ফিলিস্তিনের স্বীকৃতি নির্ভর করবে। দেশটির সংখ্যাগরিষ্ঠ দল সিডিঅ্যান্ডভি ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে। তারা জোর দিয়ে বলছে, পরিচালনা পর্ষদ বিলুপ্ত হওয়ার ফলে ফিলিস্তিনকে বেলজিয়ামের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে দেরি করার মতো বড় কোনো যুক্তি আর থাকছে না। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী প্রিভট ইঙ্গিত দিয়েছেন, স্বীকৃতির বিষয়টি শিগগিরই সমাধান করা হবে। তিনি বলেন, ‘শুক্রবার নাগাদ আমরা প্রস্তুত হতে পারব কি না তা আমার জানা নেই, তবে বিষয়টি শিগগিরই আলোচনার টেবিলে উঠবে।’