গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
আগামী প্রজন্মকে পৃথিবীতে বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষ রোপণের বিকল্প নাই। দেশের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব দিতে হবে। বৃক্ষ রোপণ করে দায়িত্ব শেষ করা চলবে না বৃক্ষকে লালন পালন করতে হবে। আজকে যেসব বৃক্ষ রোপণ করা হয়েছে তা লালনপালন হচ্ছে কি না তা আমি নিজে তদারকি করব। যদি লালনপালন করে সম্পদে পরিণত করা হয় তাহলে পুরস্কৃত করা হবে। আর যদি রোপণ, ছবি তোলা সংবাদপত্র চ্যানেলে প্রচার নাই শেষ কথা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর হাই স্কুল মাঠে বৃক্ষরোপণ উদ্বোধন উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গরঙ্গল স্বনির্ভর খালে কৃষকদলের এক হাজার চারা রোপণ করা হচ্ছে। এই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। সে স্মৃতিবিজড়িত খালের দুই পাশে সবুজ বনায়ন করতে হবে এবং জিয়ার উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘লাগাই গাছ সাজাই দেশ -সবার আগে বাংলাদেশ’- চেতনাকে ধারণ করতে হবে। উপজেলা কৃষকদলের সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো: মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
অপর দিকে গৌরনদী উপজেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পরে কলেজ চত্বরে একটি বৃক্ষ রোপণ করে শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের হাতে যে চারা দেয়া হয়েছে সে চারা রোপণ করে রক্ষণাবেক্ষণ করতে হবে। এ গাছ যখন বড় হবে তখন তা সম্পদে পরিণত হবে। তাই চারা রোপণ করে পরিচর্চা করতে হবে। মন্ত্রী আলোচনা শেষে ৬০০ শিক্ষার্থীদের মাঝে একটি করে চারা বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: ইব্রাহীম, বরিশাল জেলা বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, কলেজ অধ্যক্ষ নির্মল হালদার। দুপুর সাড়ে ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গৌরনদী ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সেকেন্দার শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহাবুবুর রহমান। পরে মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতটি কলেজ, ১২টি মাদরাসা, ২৮টি হাই স্কুলের প্রধান শিক্ষকের হাতে পাঁচটি করে গাছের চারা, ক্রীড়াসামগ্রী তুলে দেন এবং বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।



