পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী নীতি বন্ধের আহ্বান জাতিসঙ্ঘের

Printed Edition

ডেইলি সাবাহ

জাতিসঙ্ঘ ইসরাইলকে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী নীতি’ বা অ্যাপারথাইড অবসানের আহ্বান জানিয়েছে। সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে এবং তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি প্রয়োগ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরাইলি কর্তৃপক্ষের নীতি ও কার্যক্রম আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘অ্যাপারথাইডে’র শামিল। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ফিলিস্তিনিদের চলাচলে বাধা, ভূমি দখল, বসতি স্থাপন এবং রাজনৈতিক অধিকার হরণ- এসবই একটি কাঠামোগত বৈষম্যের অংশ। তারা জোর দিয়ে বলেছেন, ইসরাইলকে অবশ্যই এই নীতি বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

জাতিসঙ্ঘের মানবাধিকার বিশেষজ্ঞরা আরো বলেন, ইসরাইলি বসতি স্থাপন কার্যক্রম আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। পশ্চিমতীরে নতুন বসতি গড়ে তোলা এবং ফিলিস্তিনিদের জমি দখল করা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসঙ্ঘের এই প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে। তাদের দাবি, ইসরাইলের নীতি ফিলিস্তিনিদের জীবনকে অমানবিক করে তুলেছে। পশ্চিমতীরের বিভিন্ন শহরে ফিলিস্তিনিরা প্রতিদিনই সামরিক অভিযান, আটক ও ভূমি দখলের শিকার হচ্ছে।