চট্টগ্রামে ওয়ার সেমেট্রি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Printed Edition
চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন  : নয়া দিগন্ত
চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি (কমওয়েলথ যুদ্ধ সমাধি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন তার সাথে ছিলেন।

মঙ্গলবার পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সাথে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা, নান্দনিক পরিবেশ ও পরিবেশগত দিক নিয়ে দু’পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরীর নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

মেয়র ডা: শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা উদ্যোগ, নাগরিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, টেকসই ও আধুনিক নগর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্বমানের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।

মেয়র আরো বলেন, চট্টগ্রামের উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা আগ্রহী। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত আমেরিকান প্রযুক্তির আধুনিক লার্ভিসাইড বিটিআই ব্যবহার করে মশা নিধনে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের অন্যান্য নাগরিক সমস্যা সমাধানেও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করি।