নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, যেকোনো ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবেন।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনার উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আমান বলেন, জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছেন। আর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের সময় দেয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম ও খতিবদের জন্য ভাতার প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। দলের নতুন স্থায়ী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে কাজ করার শপথ নিয়েছেন বলেও জানান তিনি। আমান বলেন, ‘যেকোনো ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়ন করব। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।’
ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।



