মির্জা ফখরুল প্রেসিডেন্ট হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস

Printed Edition

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তার নিজ জেলায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। গত বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণার পর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।

শহরের বিভিন্ন স্থানে পটকা ফোটানো, বাঁশি বাজানো এবং আনন্দ প্রকাশের নানা আয়োজন দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দেন জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ।

দীর্ঘ রাজনৈতিক পথচলা শেষে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়াকে গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত হওয়ার পর তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

পরে বিএনপিতে যোগ দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব হন। ২০১৬ সালের ৩০ মার্চ থেকে তিনি দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি পদে তার নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য গৌরবের। তার নির্বাচনে শহর থেকে গ্রাম পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।