নারী চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা নারী দল দুর্দান্ত এক পারফরম্যান্সে ফরাসি জায়ান্ট অলিম্পিক লিওকে ৪-০ গোলে হারিয়ে জিতে নিয়েছে উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। নরওয়েতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা।

ম্যাচের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল বার্সা। তাদের ধারাবাহিক আক্রমণের ফল আসে বিরতির পর। দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করে লিওনের রক্ষণভাগকে পুরোপুরি ভেঙে দেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৫ ও ৬৯ মিমিনে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ইভা পাজোর। শেষের দিকে সালমা পারল্লুয়েলো আরো দুই গোল করলে বড় জয় পায় স্প্যানিশ জায়ন্টরা।

এই জয়ের মাধ্যমে চলতি মৌসুমে চতুর্থ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। এর আগে তারা ঘরোয়া লিগ, কোপা দে লা রেইনা এবং সুপার কাপ জিতেছিল। সব মিলিয়ে এটি বার্সেলোনার ইতিহাসে তৃতীয় উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অন্য দিকে ইউরোপের নারী ফুটবলের সবচেয়ে সফল দল অলিম্পিক লিও এবার শিরোপা পুনরুদ্ধার করতে ব্যর্থ হলো। ম্যাচজুড়ে তারা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। বার্সেলোনার দ্রুতগতির আক্রমণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণের সামনে অসহায় দেখিয়েছে ফরাসি দলটিকে।এই জয়ের মাধ্যমে ইউরোপের নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরো শক্তভাবে প্রতিষ্ঠা করল বার্সেলোনা। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্যের কারণে নারী ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে উঠে এসেছে ক্লাবটি।