মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য কাজ করছে সরকার : ড. আব্দুল্লাহ-আল-মামুন

Printed Edition

বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, কর্মক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের বৈষম্য দূর করে তাদের জন্য সমান সুযোগ ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে অধিকতর সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখিতা বৃদ্ধির লক্ষ্যে এ মাসের মধ্যেই ইউজিসির উদ্যোগে মাদরাসার অধ্যক্ষ, শিক্ষার্থী ও শিক্ষা বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে উন্নয়নের বাস্তবভিত্তিক রোডম্যাপ প্রণয়ন করা হবে।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ডিনসহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের উদ্যোগ নেয়া হচ্ছে। বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি ও সামাজিক কাঠামোর পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় উন্নয়নের এ অভিযাত্রায় মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই-পরবর্তী বাংলাদেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা দক্ষ, সৃজনশীল, প্রযুক্তিনির্ভর ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতিকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রেরণা জোগায়। তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক জ্ঞান, তথ্যপ্রযুক্তি দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় সমৃদ্ধ করে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করছে। তিনি আরো বলেন, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে অধিভুক্ত মাদরাসাগুলোর শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহিনুল ইসলাম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা: নুরুল ইসলাম, সরকারি মাদরাসা ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।