ময়মনসিংহ অফিস
টানা দুই দিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা-নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকায় বড় ধরনের ধস দেখা দিয়েছে। সড়কের নিচের মাটি সরে গিয়ে গর্ত বড় হতে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হালুয়াঘাট ও নালিতাবাড়ী উপজেলার কয়েক হাজার মানুষ। স্থানীয়দের দুই থেকে তিন কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও পরিবহন ব্যয় দুটোই বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানি জমে সড়কের নিচের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের একাংশের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। শুক্রবার রাতে মাটি সরে যেতে শুরু করলেও সকালে গর্ত বড় হয়ে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয়দের মতে, ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল ইউনিয়নের মানুষের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। একই সাথে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, নালিতাবাড়ী ও রূপনারায়ণকুড়া ইউনিয়ন এবং নালিতাবাড়ী সদরের সাথে যোগাযোগেও সড়কটি ব্যবহৃত হয়। ধারা বাজারের ব্যবসায়ী এম বি রায়হান বলেন, ‘ব্যবসার কাজে প্রায়ই নালিতাবাড়ী যেতে হয়। সড়কটি ধসে যাওয়ায় এখন প্রায় তিন কিলোমিটার ঘুরে যেতে হবে।’ নিয়মিত যাতায়াতকারী ফারুক ফকির বলেন, ‘হালুয়াঘাট যাওয়ার পথে সড়ক ভাঙা থাকায় মাঝপথে আটকে যেতে হয়েছে। পরে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হয়েছে।’ নালিতাবাড়ীর মরিচপুরান গ্রামের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘সাইকেলে করে ধারা কলেজে যাতায়াত করি। সড়কটি ধসে যাওয়ায় এখন কয়েক কিলোমিটার ঘুরে যেতে হবে।’
এ দিকে ধসের খবরে দফতরের কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেছেন। উপজেলা প্রকৌশলী মো: আব্দুর রউফ বলেন পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আম্বাস দেন। স্থানীয়রা সড়কটি মেরামতের পাশাপাশি পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না করা হলে বর্ষায় সড়কের আরো অংশ ধসে চলাচল দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে।



