৫০০ গোল হ্যারি কেনের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় গত পরশু ওয়েডার ব্রেমেনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেছেন বাভারিয়ানদের জার্সিতে উড়তে থাকা হ্যারি কেন। আর দ্বিতীয়বার জাল স্পর্শ করে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড। সেই সুবাদে পেশাদার ফুটবলে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০০ ক্যারিয়ার গোলের অসামান্য কীর্তিও গড়েন ইংলিশ অধিনায়ক।

চলতি মৌসুমে এ নিয়ে বুন্দেসলিগায় ২২ ম্যাচে ২৬টি গোল হলো কেনের। আসরে এখনো বাকি ১২টি ম্যাচ। যেভাবে তিনি ফিটনেস ধরে সামনের দিকে এগিয়ে চলেছেন, তাতে করে এবারই হয়তো রবার্ট লেভানদোভোস্কির ৩৪ ম্যাচের বুন্দেসলিগা মৌসুমের সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড ভেঙে দেবেন কেন। রেকর্ডটি নিয়ে নিজের ভাবনা নিজেই জানালেন ইংলিশ ফরোয়ার্ড।

কেন শুধু বুন্দেসলিগায় নয়, সব প্রতিযোগিতা মিলে দারুণ ছন্দে থাকা ৩২ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে ৩৫ ম্যাচে করেছেন ৪১ গোল। সাথে রয়েছে পাঁচটি অ্যাসিস্টও। আর ব্রেমেনকে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বায়ার্ন। ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।